ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটযুদ্ধ: প্রথম দুই ঘণ্টায় ১৯ শতাংশ ভোটদান

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৩৫, ২৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটযুদ্ধ: প্রথম দুই ঘণ্টায় ১৯ শতাংশ ভোটদান

ভারতের পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তা আর উৎসবের আমেজে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় রাজ্যটির ১৬ জেলার ১৫২ আসনে ভোট নেওয়া হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টার মধ্যেই অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত রাজ্যে গড় ভোট পড়েছে প্রায় ১৮.৭৬ শতাংশ (প্রায় ১৯ শতাংশ)। ভোটদানের হারে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে মালদহ। 

আরো পড়ুন:

সকাল ৯টা পর্যন্ত মালদহ জেলায় ভোট পড়েছে ১৬.৯৬ শতাংশ, মুর্শিদাবাদে ১৮.৮৮ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৯.০০ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ২০.৫১ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ১৮.৮১ শতাংশ, পুরুলিয়ায় ১৭.৮৩ শতাংশ, উত্তর দিনাজপুরে ১৭.৫৪ শতাংশ, ঝাড়গ্রামে ১৯.৮৪ শতাংশ, কালিম্পংয়ে ১৮.৭৪ শতাংশ, আলিপুরদুয়ারে ১৭.৭০ শতাংশ, বাঁকুড়ায় ২০.২০ শতাংশ, বীরভূমে ১৯.০১ শতাংশ, কোচবিহারে ১৭.৫৬ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১ শতাংশ, দার্জিলিংয়ে ১৮.৮০ শতাংশ এবং জলপাইগুড়িতে ১৮.৫০ শতাংশ।

প্রথম দফায় ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৬৭টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ বুথগুলোতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ওয়েবকাস্টিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর ২০২৬ বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭১ জন। পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন। 

প্রথম দফায় ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এ দফায় বহু মন্ত্রী এবং বর্তমান বিধায়কের ভাগ্য বাক্সবন্দি হবে। 

প্রথম দফার যে ১৫২টি আসনে ভোট নেওয়া হচ্ছে, এর মধ্যে ২০২১ সালে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। পাহাড়ের একটি আসন পেয়েছিল নির্দল। কংগ্রেস ও সিপিআইএম একটি আসনেও জিততে পারেনি। 

এবার মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর- মুসলিম অধ্যুষিত এই তিন জেলায় মোট ৪৩টি আসন রয়েছে। প্রায় সব আসনেই সংখ্যালঘু ভোট খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই তিন জেলাতেই সংখ্যালঘু ভোট ভাগের বিভিন্ন সমীকরণ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল। 

এদিকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের তামিলনাড়ু রাজ্যেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ রাজ্যে ২৩৪ আসনে আজ একটিমাত্র দফায় ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তামিলাড়ুতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৭.৬৯ শতাংশ।

এর আগে কেরালা, আসাম এবং পদুচরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। প্রতিটি রাজ্যেই ভোট গণনা ৪ মে। 

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়