ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্ষুব্ধ ইরান, ইইউ-কে ‘ভণ্ড’ আখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:১৮, ২৮ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্ষুব্ধ ইরান, ইইউ-কে ‘ভণ্ড’ আখ্যা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

ইরানের ওপর অমানবিক নিষেধাজ্ঞা বজায় রাখার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনড় অবস্থানের তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে ইউরোপের ‘দ্বিমুখী নীতি’ হিসেবে অভিহিত করে বলেছে, এর ফলে বিশ্বমঞ্চে ইউরোপ দ্রুত তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) বার্লিনে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন, “ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।” তার এই বক্তব্যের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মানবাধিকারের অজুহাতে নিষেধাজ্ঞা বজায় রাখার এই অবস্থানকে ‘ভণ্ডামি ও কলঙ্কজনক’ বলে অভিহিত করেন।

বাঘাই লিখেছেন, “ইরানের ওপর ইইউ-এর অমানবিক নিষেধাজ্ঞাগুলো কখনোই ‘মানবাধিকার’ নিয়ে ছিল না- এগুলো সাধারণ ইরানিদের মৌলিক অধিকার হরণ করার জন্যই তৈরি করা হয়েছে। এই জরাজীর্ণ নৈতিক নাটকের ফাঁদে কেউ পা দিচ্ছে না।”

তিনি আরো যোগ করেন, এ ধরনের অবস্থান বিশ্বমঞ্চে ইউরোপ বা তাদের ভোটারদের কাছে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা তৈরি করবে না।

মুখপাত্র আরো বলেন, “বরং এটি ইউরোপের শাসক শ্রেণীর দ্বিমুখী নীতি ও ভণ্ডামিকে আরো স্পষ্ট করে তুলছে এবং ইউরোপের লজ্জাজনক পতনের গতি বাড়িয়ে দিচ্ছে।”

ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন থেকেই ইইউ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আসছেন। তাদের দাবি, এই নিষেধাজ্ঞাগুলো মানবাধিকারের জন্য নয়, বরং এটি একটি ‘গণশাস্তি’, যা সাধারণ নাগরিকদের ক্ষতি করতে এবং পশ্চিমা শক্তিগুলোর রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়