হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা এবং সংবাদমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেষণে বা সংযুক্তিতে কর্মরত হিসাবরক্ষণ কর্মকর্তা (মূল কর্মস্থল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রশাসনিক কর্মকর্তা পদের বিপরীতে পদায়নকৃত) মো. আবজাল হোসেন সম্পর্কে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। যেমন-গত ১১ জানুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘কত সম্পদ চতুর্থ শ্রেণির কর্মীর’ শিরোনামে এবং দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার ৫ বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদ প্রতিবেদনে তার ঢাকায় এবং বাংলাদেশের বাইরে একাধিক বাড়ি ও প্লট থাকার অভিযোগ রয়েছে। তার অর্থ সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এমতাবস্থায় বর্ণিত কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮’ এর ১২ বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৯/আসাদ/সাইফ
রাইজিংবিডি.কম