ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলার রায় ২৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৩ জুন ২০২৪  
অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলার রায় ২৫ জুলাই

অরিত্রী অধিকারী (ফাইল ফটো)

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় পঞ্চম দফায় রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৫ জুলাই ধার্য করেছেন আদালত। মামলার দুই আসামি হলেন—নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার। তারা জামিনে আছেন। 

সোমবার (৩ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির রায়ের তারিখ ধার্য ছিল। তবে, বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ২৫ জুলাই ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক তসলিম আরিফ। 

গত বছরের ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২১ জানুয়ারি ধার্য করেন। ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে ৮ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু, সেদিনও রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে ৩ মার্চ ধার্য করা হয়। একই কারণে রায়ের তারিখ পিছিয়ে ৯ এপ্রিল ধার্য করেন আদালত। ৯ এপ্রিল আবার রায়ের তারিখ পিছিয়ে ৩ মে করা হয়।

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে ২০১৮ সালের ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২০ মার্চ উল্লিখিত দুই শিক্ষককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার। ২০১৯ সালের ১০ জুলাই এ দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে ১৮ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়