অপারেশন ডেভিল হান্ট: আরো ৩৪৩ জন গ্রেপ্তার
গ্রাফিক: রাইজিংবিডি
ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। এ ছাড়া অন্যান্য অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরো ১ হাজার ৫২১ জনকে। এর আগে, রবিবার ‘ডেভিল হান্টের’ মধ্যে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানায়, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।
দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে শনিবার সন্ধ্যার পর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছে যৌথ বাহিনী। শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর ‘অপারেশনের’ চালানোর ঘোষণা দেয় সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেই অভিযান শুরু হয়েছে। আর যতক্ষণ না ‘ডেভিল’ শেষ হচ্ছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ ততক্ষণ চলবে।”
ঢাকা/এমআর/এনএইচ