প্রেমের সম্পর্ক রাখতে না চাওয়ায় বিন্তিকে হত্যা করে সিয়াম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শারমিন বিন্তি
রাজধানীর হাজারীবাগে শারমিন বিন্তি (১৪) নামের এক কিশোরীকে হত্যা করেছে তার কথিত প্রেমিক সিয়াম ওরফে ইমন শাহরিয়ার। গ্রেপ্তারের পর সিয়াম পুলিশের কাছে স্বীকার করেছে যে, প্রেমের সম্পর্ক রাখতে অপারগতা প্রকাশ করায় সে ওই কিশোরীকে হত্যা করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার মাসুদ আলম রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “প্রাথমিকভাবে এ ঘটনায় সিয়ামের একক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে ছুরি দিয়ে ওই কিশোরীকে গুরুতর জখম করে। মূলত, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।”
শারমিন বিন্তি ও সিয়াম একই স্কুলে পড়ত। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস প্রেমের সম্পর্ক ভালো চললেও সম্প্রতি সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে অপারগতা প্রকাশ করে বিন্তি। এর পর ইমন বিন্তিকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী সিয়াম তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে প্রযুক্তির সহযোগিতা নিয়ে পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়ামক গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, রক্তমাখা গেঞ্জি, প্যান্ট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, শারমিন বিন্তি হাজারীবাগ থানাধীন রায়েরবাজার হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ত। গত ২৫ ফেব্রুয়ারি রাতে সিয়াম হাজারীবাগ থানাধীন চরকঘাটার সামনের পাকা রাস্তায় ধারালো ছুরি দিয়ে বিন্তিকে আঘাত করে। স্থানীয়দের সহায়তায় বিন্তিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সিকদার মেডিকেল হাসাপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ২৫ ফেব্রুয়ারি রাতে বিন্তিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা/এমআর/রফিক