ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমলাপুরে দ্বিতীয় দিনেও হাজারো টিকিটপ্রত্যাশীর ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২ জুলাই ২০২২   আপডেট: ০৯:৫৪, ২ জুলাই ২০২২
কমলাপুরে দ্বিতীয় দিনেও হাজারো টিকিটপ্রত্যাশীর ভিড়

ছবি: মেসবাহ য়াযাদ

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (২ জুলাই) সকালে সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

শনিবার অগ্রিম ঈদের টিকিট দেওয়ার দ্বিতীয় দিন। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রিয়জনদের নিয়ে বাড়ি যাওয়ার জন্য শুক্রবার বিকেল থেকেই রেলস্টেশনে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মানুষ। এদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা বৃহস্পতিবার লাইন দিয়েও প্রথম দিন (শুক্রবার) টিকিট পাননি।

পুরুষদের পাশাপাশি প্রচুর নারীরাও আগাম টিকিটের জন্য লাইন ধরে অপেক্ষা করছেন। ঈদের আগে সড়কপথে যানজট থাকবে, তাছাড়া গরম-বৃষ্টির কারণে ভোগান্তি এড়ানোর আশঙ্কায় মানুষজন ট্রেনে বাড়ি যেতে আগ্রহী। আর সে কারণেই প্রতি ঈদের আগে ট্রেনের আগাম টিকিট কাটার জন্য হাজারো বিড়ম্বনা স্বত্বেও মানুষ ট্রেনের টিকিট সংগ্রহ করতে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। 

কমলাপুর স্টেশনে নিরাপত্তায় কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আর কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাবের উপস্থিতিও।

শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয়েছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, আজ ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট।

অপরদিকে, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট দেওয়া হবে। ৮ তারিখ ১২ জুলাইয়ের, ৯ তারিখ ১৩ জুলাইয়ের, ১১ তারিখ ১৪ জুলাই এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১০ তারিখ ঈদের কারণে কোনও ট্রেন চলাচল করবে না। ১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট। ঢাকায় মোট ছয়টি স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। 

এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়