আনুষ্ঠানিকভাবে জানাল ইসি
২০৯ আসনে বিএনপির একক জয়, জামায়াত পেল ৬৮
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৭ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানিয়েছেন, মোট ৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের আদেশে স্থগিত থাকায় ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত আসনগুলোতে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
বিএনপির সমমনা দলগুলোর মধ্যে বিজেপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও এনডিএম একটি করে আসনে জয়লাভ করেছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিকদলগুলোর মধ্যে এনসিপি ৬টি ও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়লাভ করেছে।
এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২৯১টি আসনে প্রার্থী দেয়। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী মনোনয়ন দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দেয়। জাতীয় পার্টি ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঢাকা/এমএসবি/রফিক