ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির অনুরোধেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
বিএনপির অনুরোধেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ফটো

বিএনপির ইচ্ছাতেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

আইন উপদেষ্টা জানান, আগামী মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তার ধারণা অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। শপথ গ্রহণের পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
তিনি বলেন, “বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।”

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত থাকবেন এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে আমার জানা মতে, এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।” 

দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বিএনপিই আগ্রহ প্রকাশ করেছিল।”

তার মতে, এই সংসদ অন্য সময়ের সংসদের তুলনায় ভিন্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বহু কষ্ট ও ত্যাগের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, “জাতীয় সংসদ প্রাঙ্গণে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই সনদ ঘিরে আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি এখানেই অনুষ্ঠিত হয়েছে। এসব কারণেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা একটি স্মরণীয় স্থান।” 

তিনি বলেন, “সংসদের এই অংশটি জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন প্রকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা এর ঐতিহাসিক তাৎপর্যকে আরো গভীর করেছে।”

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়