ফুলের তোড়া দিয়ে জামায়াত নেতার আ.লীগে যোগদান
তানজিমুল হক || রাইজিংবিডি.কম
ফুলের তোড়া দিয়ে জামায়াত নেতা মাওলানা নুরুল ইসলাম আওয়ামী লীগে যোগ দেন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ নেতাদের হাতে ফুল দিয়ে উপজেলা জামায়াতের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং ভবানীগঞ্জ মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম শতাধিক শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার বিকেলে স্থানীয় মাড়িয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী আসকানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মতিউর রহমান টুকু।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের পিএস মাহাবুর রহমান, এপিএস মোজাম্মেল হক, প্রেস সচিব জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আকবর আলী, মাড়িয়া যুবলীগ আকতার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাচেন আলী, সদ্য যোগদানকারী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন, মতিউর রহমান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন জামায়াত নেতা মাওলানা নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এবং বাগমারার সাংসদ প্রকৌশলী এনামুল হকের কর্মে ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি আওয়ামী লীগে যোগদান করছি। এ ছাড়া বর্তমানে ২০ দলীয় জোটের যে নাশকতামূলক কর্মকাণ্ড তার প্রতি আমি বিরক্ত।’ এ কারণে এলাকার উন্নয়নে স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমার আওয়ামী লীগ পছন্দ বলে তিনি মন্তব্য করেন।
রাইজিংবিডি/রাজশাহী/১০ এপ্রিল ২০১৫/তানজিমুল হক/রিশিত/কমল কর্মকার
রাইজিংবিডি.কম