ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরমের দিন কখন, কী ধরনের ব্যায়াম করা ভালো

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫১, ১৯ এপ্রিল ২০২৬
গরমের দিন কখন, কী ধরনের ব্যায়াম করা ভালো

ছবি: প্রতীকী

অসহনীয় গরমে ব্যায়াম করা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। একদিকে তাপপ্রবাহে ক্লান্ত শরীর, অন্যদিকে সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চার প্রয়োজন। বাস্তবতা হলো, গরম যতই বাড়ুক, ব্যায়াম থামিয়ে দিলে শরীরের ক্ষতি আরও বেশি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতা বা রক্তে চর্বি বেশি—এমন রোগীদের জন্য নিয়মিত ব্যায়াম বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ। তাই সময়, পদ্ধতি ও সতর্কতা বদলে গরমেও ব্যায়াম চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

অসহনীয় গরমে কী ব্যায়াম করা যাবে?
গ্রীষ্মকালে আলাদা কোনো “বিশেষ ব্যায়াম” নেই—আপনি যেসব ব্যায়ামে অভ্যস্ত, সেগুলোই করতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় ও পরিবেশ নির্বাচন। দুপুরের প্রচণ্ড রোদে বা গরমের চূড়ান্ত সময়ে ব্যায়াম করা একেবারেই ঠিক নয়। এতে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থাকে। তাই ব্যায়ামের জন্য বেছে নিন ভোরের ঠান্ডা সময় বা সন্ধ্যার পরের সময়।

আরো পড়ুন:

ঘরেই হালকা ব্যায়াম: বাইরে না গিয়ে বাসায় থেকেই ব্যায়াম করতে পারেন। প্রতিদিন অন্তত ১০ মিনিট দড়িলাফ দিয়ে শুরু করুন, পরে সময় বাড়াতে পারেন।

হাঁটা—সবচেয়ে সহজ উপায়: ঘরের ভেতরেই হাঁটাহাঁটি করতে পারেন। আবার শপিং মল বা মার্কেটে হাঁটলেও ব্যায়াম হয়ে যাবে, সঙ্গে দরকারি কেনাকাটাও।

যোগব্যায়াম ও ধ্যান: ঘাম না ঝরালেও শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়াম ও ধ্যান খুবই কার্যকর।

সিঁড়ি ব্যবহার করুন: লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করলে সহজেই দৈনন্দিন ব্যায়াম হয়ে যায়।

খাবারের পর হালকা হাঁটা: দুপুর বা রাতের খাবারের পর ছাদে, বারান্দায় বা বাসার সামনে কিছুক্ষণ হাঁটতে পারেন।

সাঁতার—গরমের সেরা ব্যায়াম: সাঁতার শরীরচর্চার পাশাপাশি গরম থেকে স্বস্তি দেয়—দুই দিকেই উপকার।

স্ট্রেচিং ব্যায়াম: আর্ম স্ট্রেচিং, লেগ লিফটিং ইত্যাদি ব্যায়াম খুব কম ঘামে করা যায়, কিন্তু রক্ত সঞ্চালন ভালো রাখে।

সাইকেল চালানো: সাইকেল চালালে ব্যায়ামের সঙ্গে বাতাসের ছোঁয়ায় কিছুটা স্বস্তিও পাওয়া যায়।

গরমে ব্যায়ামের সময় যেসব সতর্কতা জরুরি

  • পর্যাপ্ত পানি পান করুন 
  • ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন 
  • শরীর বেশি ক্লান্ত লাগলে ব্যায়াম বন্ধ রাখুন 
  • মাথা ঘোরা, বমি ভাব বা অতিরিক্ত দুর্বলতা হলে দ্রুত বিশ্রাম নিন 
  • ব্যায়ামের আগে ও পরে শরীর ঠান্ডা রাখুন 

গরমকে অজুহাত বানিয়ে ব্যায়াম পুরোপুরি বন্ধ করে দেওয়া ঠিক নয়। বরং সময়, পরিবেশ ও ধরণ বদলে শরীরচর্চা চালিয়ে যেতে হবে। নিয়মিত ব্যায়ামই সুস্থ থাকার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়—গ্রীষ্ম হোক বা শীত, এর কোনো বিকল্প নেই।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়