শেখ হাসিনা-খায়রুল হকসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে রংপুর ক্যামিকেল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার ওরফে পলাশকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপথগামী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মোরাদ হাসান সেলিম এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার নির্দেশে অন্যান্য সকল আইনজীবীর মত উপেক্ষা করে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তার জাজমেন্ট আদালতের আকাঙ্খা উপেক্ষা করে দেশে অঘোষিত স্বৈরতন্ত্র কায়েমপূর্বক শেখ হাসিনা ও তার দোসরদের যথেচ্ছভাবে রাষ্ট্রক্ষমতা প্রয়োগের অনুমতি প্রদান করে। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে শেখ হাসিনা ও অন্যান্য আসামিরা যেনতেনভাবে গণমানুষের আকাঙ্খার বিরুদ্ধে কথিত নির্বাচনের মাধ্যমে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের ওপর জুলুম, নির্যাতন ও বাক স্বাধীনতা খর্ব করাসহ খুন, গুম ও ক্রসফায়ারের মাধ্যমে মানুষ হত্যা করেছে।
এ ছাড়াও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেল ৬টার দিকে ফিরোজ তালুকদার মিরপুর-১০ গোলচক্কর অতিক্রম করার সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন//