ইফতারে কাঁচা ছোলা খেলে শরীরে যা ঘটে
দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
সারাদিন রোজা রেখে ইফতারে কী খাবেন, তা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মসলায় ভাজা ছোলা ইফতারের পরিচিত ও জনপ্রিয় একটি খাবার। কেউ কেউ কাঁচা (ভেজানো) ছোলাও খেয়ে থাকেন। এই দুই প্রকার ছোলার পুষ্টিগুণ ও প্রভাব এক নয়। মসলায় ভাজা ছোলায় প্রচুর পরিমাণে আঁশ (ফাইবার) থাকে, যা হজমে সহায়ক। তবে তেলে ভাজার কারণে এতে ক্যালরির পরিমাণ অনেক বেড়ে যায়।
মসলায় ভাজা ছোলাতে উচ্চ ক্যালরি থাকায় যারা ওজন বাড়াতে চান, তাদের জন্য উপকারী, আঁশ থাকায় পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। তবে এই ছোলার বেশ কিছু অপকারিতা আছে—
১. অতিরিক্ত তেল ও মসলার কারণে পেট ফাঁপা, অম্বল বা অস্বস্তি হতে পারে
২.আলসার রোগীদের জন্য ক্ষতিকর
৩.বাইরে দোকানে ভাজা ছোলার তেলে রেনসিডিটি (তেল পচে যাওয়া) থাকার ঝুঁকি থাকে
৪. অতিরিক্ত ক্যালরি ও মসলা ওজন বাড়াতে পারে
কাঁচা (ভেজানো) ছোলা
ভিজিয়ে রাখা কাঁচা ছোলা পুষ্টিগুণে ভরপুর। এতে আঁশ, প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে, যা শরীরের জন্য উপকারী।
সিলেট ডায়াবেটিস অ্যান্ড জেনারেলসপাতালের ডায়াবেটিস এডুকেটের ও পুষ্টিবিদ স্বর্ণালী বিজয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘কাঁচা ছোলা একটি প্রোটিনসমৃদ্ধ খাবার। ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা পাকস্থলীতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায়। কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে।’’
উপকারিতা
১.দীর্ঘ সময় রোজা রাখার পর দ্রুত শক্তি জোগায়
২.ওজন নিয়ন্ত্রণে সহায়ক
৩.আলসার রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ
৪.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫.শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখে
পুষ্টিবিদরা বলেন, ‘‘ভেজানো কাঁচা ছোলা যদি কাঁচা আদার সঙ্গে খাওয়া যায়, তবে তা প্রোটিনের পাশাপাশি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এতে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।’’
ইফতারে তেলে ভাজা ও অতিরিক্ত মসলাযুক্ত ছোলার চেয়ে ভেজানো কাঁচা ছোলা স্বাস্থ্যসম্মত বিকল্প। তাই সুস্থ থাকতে চাইলে ইফতারে কাঁচা ছোলাকেই অগ্রাধিকার দিন।
ঢাকা/লিপি