ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রত্যাবর্তনে নাঈমের ‘পুনর্জন্ম’

ইয়াসিন হাসান, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৬ মে ২০২২   আপডেট: ২১:০৮, ১৬ মে ২০২২
প্রত্যাবর্তনে নাঈমের ‘পুনর্জন্ম’

এই চট্টগ্রামেই পেয়েছিলেন দেশের ৯২তম টেস্ট ক্যাপ। রঙিন অভিষেকের পর সাফল্যধারা চলতে থাকলেও হঠাৎ পথ আটকে যায়। পায়ে পড়ে যায় বেড়ি। দল থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি বাদ পড়তে হয় কেন্দ্রীয় চুক্তি থেকে। 

এরপর মেলে না প্রত্যাশিত সুযোগ-সুবিধাও। তবে তিনি আড়াল হন না। প্রতিকূল সময় কাটিয়ে অপেক্ষায় থাকেন একটি সুযোগের। কঠোর পরিশ্রম, স্বরূপে ফেরার জেদ তাকে আবার ফিরিয়ে আনেন কাঙ্খিত কক্ষপথে। সেই চট্টগ্রামেই আবার তার প্রত্যাবর্তন।

আরো পড়ুন:

আচমকা হাতের মুঠোয় পাওয়া সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা খুব ভালোভাবে করে দেখালেন নাঈম হাসান। ১৫ মাস পর জাতীয় দলে ফিরে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। নিয়মিত দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে ছাপিয়ে ২২ বছর বয়সী তরুণ হয়ে উঠলেন দলের ধ্রুবতারা।

শ্রীলঙ্কাকে চার’শর নিচে আটকে রাখতে তার ৬ উইকেট হয়ে উঠলো দলের সেরা পারফরম্যান্স। তাতে প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠলো পুনর্জন্মের ঠিকানা। 

নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এ ক্রিকেটার, ‘উইকেটটা খুব ভালো। ওখানে রান ছাড়া বল করার পরিকল্পনা ছিল ভালো জায়গায়। বেশি ফ্লাইট দিলে সমস্যা। আমি চেষ্টা করেছি কম ফ্লাইট দেওয়ার। গতকালকে একটু ফ্লাইট দিয়েছিলাম। আজ লক্ষ্য ছিল ভালো জায়গায় জোরের ওপর বল করা। ওই অনুযায়ী বল করার চেষ্টা করেছি। যখন খেলেছি, চিন্তা ছিল আমি শতভাগ এফোর্ট দেবো, দিনশেষে ফল যাই আসুক যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে বিপক্ষে পাঁচ উইকেট পেলেও এবারের অর্জনকে এগিয়ে রাখছেন নাঈম, ‘আসলে এটা এগিয়ে রাখতে চাই। সব পাঁচ উইকেটই তো অন্যরকম। বিশেষত এটা খুব ভালো উইকেটে পাঁচ উইকেট পেয়েছি, এজন্য একটু এগিয়ে রাখবো।’

১৫ মাস আগে নাঈম যখন বাদ পড়েন তখন দল ঘরের মাঠে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোলিংয়ে নাঈমসহ অন্যান্যরা খারাপ করলেও খড়গটা যায় এই অফস্পিনারের উপর দিয়ে। দীর্ঘ বিরতিতে সুযোগ পেলেও কোনো অভিযোগ নেই তার, ‘আসলে ওটা তো টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। সুযোগ পেলে খেলাটা আমার দায়িত্ব। টিম ম্যানেজম্যান্ট খেলাবে নাকি খেলাবে না এটা তো উনাদের সিদ্ধান্ত।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ রানে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাঈমের পথ চলা শুরু। সবচেয়ে কম বয়সে (১৮ বছর) টেস্টে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার। এখনও সেই রেকর্ড অক্ষত। এরপর ৬ টেস্টে তার শিকার ২০ উইকেট। সব মিলিয়ে ৭ টেস্টে ২৫ উইকেট, ২.৯৭ ইকোনমি রেটে একদমই খারাপ নয়।

কিন্তু নাঈমের কপাল পোড়া! একই পজিশনের জন্য তাকে টপকে বিবেচনায় এসে যান মেহেদী হাসান মিরাজ। মিরাজ স্পিন অলরাউন্ডার হওয়ায় নাঈমের পথ আটকে যায়। বাদ পড়ার কারণটা নাঈমের স্পষ্ট থাকায় খুব বেশি কষ্ট পাননি বোঝা যাচ্ছে, ‘মিরাজ ভাই খুব ভালো খেলছিল, যেটা সত্যি কথা। ব্যাটিং, বোলিং ভালো করতেছিল, ওই জন্যই তো সুযোগ পাইনি। ইনজুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, অনুশীলন করে প্রস্তুতি নিয়ে রাখা, যেন যখন সুযোগ আসে তখন ভালো খেলতে পারি।’

মিরাজ যেমন ব্যাটিং বিবেচনায় এগিয়ে থাকেন নাঈমও নিজের ব্যাটিংয়ে উন্নতি করছেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামি চিন্তা করি প্রক্রিয়াটা মেনে চলার। এটা মেনে যতটুকু দলকে দেওয়া যায়, আমি শতভাগ চেষ্টা করবো ব্যাটিংয়েও।’

কথায় আছে, সাফল্য মানে নবমবারে পড়ে গিয়ে দশমবারে উঠে দাঁড়ানো। নাঈম হাসান যেন এমন আদর্শেই বিশ্বাসী। রাতারাতি সাফল্যের জন্য বসে না থেকে দল থেকে বাদ পড়ার পর সব জায়গায় পারফর্ম করেছেন। অনুশীলনে নিজের উন্নতি করেছেন। পাশে পেয়েছেন স্থানীয় কোচ স্থানীয় কোচ সোহেল ইসলামকে।

‘আমি বাংলা টাইগার্স ক্যাম্পে ছিলাম। তখন সোহেল স্যার ছিল। উনার সঙ্গে কাজ করেছি। কী কী উন্নতি দরকার উনি বলছিল, উনার সঙ্গে কাজ করে ওটা উন্নতির চেষ্টা করেছি। দলের সঙ্গে যখন ছিলাম না তখন আমি বিসিএল খেলেছি। এরপর আবার বিপিএল শুরু হলো। সবমিলিয়ে গ্যাপ তৈরি হয়নি।’- বলছিলেন নাঈম।

মিরাজের অনুপস্থিতিতে পাওয়া সুযোগ নাঈম রাজসিকভাবে প্রত্যাবর্তন রাঙিয়েছেন। নিজেকে নতুন করে চিনিয়েছেন। এই পুনর্জন্মে ২২ বছর বয়সী ক্রিকেটার থিতু হতে পারেন কিনা সেটাই দেখার।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়