ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোচিং স্টাফদের কে চলে যাচ্ছেন, কে থাকছেন?

ক্রীড়া প্রতিবেদক, মুম্বাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:২৪, ১৩ নভেম্বর ২০২৩
কোচিং স্টাফদের কে চলে যাচ্ছেন, কে থাকছেন?

প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ নিক পোথাস বাদে বাংলাদেশের কোচিং স্টাফদের সবার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি শেষ হয়েছে ৩০ নভেম্বর। ডিসেম্বর পর্যন্ত কোচিং স্টাফদের কাজ চালিয়ে যেতে বিসিবি প্রস্তাব দিয়েছিল। সবার আগে এ প্রস্তাব পেয়েছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। কিন্তু চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকান কোচ।

বাংলাদেশকে বিদায় বলেছেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন। এছাড়া টিম কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামকে কেবল নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বকাপের জন্য। তার সঙ্গে নতুন করে চুক্তিতে যাচ্ছে না বোর্ড। বাকি থাকল কেবল ট্রেনার নিক লি, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেইন ম্যাকডরমট।

আরো পড়ুন:

বিশ্বকাপের পর দুটি পিঠাপিঠি সিরিজ বাংলাদেশের। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ খেলার পর নিউ জিল্যান্ডে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। স্বল্প সময়ে কোচ পাওয়া সমস্যা। এজন্য জটিলতা এড়াতে কোচিং স্টাফদের রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

জানা গেছে, ট্রেনার নিক লি ও শেইন ম্যাকডরমট দুই সিরিজে থাকছেন। থাকার চিন্তা ভাবনা করছেন হেরাথও। তবে বেতন ভাতা বাড়ানো নিয়ে বোর্ডের সঙ্গে তার দরকষাকষি চলছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দেশ থেকে মুঠোফোনে বললেন, ‘আমরা কোচদের প্রস্তাব দিয়েছিলাম। হাথুরুসিংহে ও পোথাস আছে। হাথুরুসিংহে ঢাকায় ফিরেছে। বাকিরা যার যার মতো করে ছুটিতে। আমাদের প্রস্তাব অনুযায়ী স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আছে, সে থাকবে। ফিল্ডিং কোচ ৩১ ডিসেম্বর পর্যন্ত আছে। তার পর দেখব…।”

হেরাথ ইস্যুতে জালাল ইউনুস বলেছেন, ‘হেরাথের সঙ্গে কিছু প্রশাসনিক ইস্যু আছে… বেতন-টেতন নিয়ে, বনিবনা হলে থাকবে, না হলে চলে যাবে। তার থাকার ইচ্ছে আছে। সবকিছু ঠিকঠাক হলে থেকে যাবে।’

বিশ্বকাপের এমন ভরাডুবির পর কোচ হাথুরুসিংহের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। ২০১৯ বিশ্বকাপের পর তিন জয় পাওয়া রোডসকে বিদায় করতে বিন্দুমাত্র চিন্তা করেনি বোর্ড। এবার কেন হাথুরুসিংহে বহিস্কৃত হবেন না? সর্বময় ক্ষমতা নিয়েও দলকে ফল এনে দিতে পারেননি হাথুরুসিংহে। তার সঙ্গে বোর্ডের চুক্তি ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এর আগে তাকে বিদায় করতে হলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। বোর্ড তেমন কিছু করবে কিনা সেটাই দেখার।

জালাল ইউনুস জানালেন, বোর্ড হাথুরুসিংহকে নিয়ে সিদ্ধান্ত নেবে। তার ভাষ্য, ‘হাথুরুসিংহেকে নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, আমার একার সিদ্ধান্ত নয়। এখনও সে আমাদের সঙ্গে আছে। সামনে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট আছে, সফর আছে। আপাতত…এই মুহূর্তে অন্য কিছুর ভাবনা নেই আমাদের। বোর্ড চাইলে কিছু চিন্তা-ভাবনা করতে পারে। তবে এখনই নেই সেরকম কিছু। আসলে দল তো মাত্রই এলো… সবাই এখনও হতাশ, সেভাবে আলাপ-আলোচনা হয়নি কারও সঙ্গে।’

ভারত বিশ্বকাপে দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছে খালেদ মাহমুদ সুজন। তার রিপোর্টের অপেক্ষায় বোর্ড থাকবে বলে জানালেন জালাল ইউনুস, ‘এটা নিয়ে (হাথুরুসিংহে) এখনই কোনো মন্তব্য করব না কোনো… কারণ এটা বোর্ডের ব্যাপার… বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড মিটিংয়ের পর…। তবে সবকিছুর আগে তো টিম ডিরেক্টর তাদের রিপোর্ট দেবে বিশ্বকাপ নিয়ে। তার রিপোর্ট দিক, তখন বুঝত পারব। রিপোর্ট দেখে আমরা করণীয় বুঝতে পারব।’

২০০৩ বিশ্বকাপের পর সবচেয়ে বাজে সময় কেটেছে বাংলাদেশের। নয় ম্যাচে জয় কেবল দুইটি। বিসিবি নিজ থেকেও তদন্ত করতে পারে বলে জানালেন বিসিবির এই পরিচালক, ‘পোস্ট মর্টেম বা কিছু একটা তো হবেই। যেটি বললাম যে মাত্রই দল এলো… আমরা আলাপ করব আরও।’

মুম্বাই/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়