ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার এনামুলের অপরাজিত ১৪৪, জিতল তার দলও

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৩৩, ২৫ মার্চ ২০২৫
এবার এনামুলের অপরাজিত ১৪৪, জিতল তার দলও

এক ম্যাচ আগে ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। পরের ম্যাচে করেছিলেন ৬৮ রান। এবার তার ব্যাট থেকে এলো ঝকঝকে ১৪৪ রানের আরেকটি অপরাজিত ইনিংস।

তাতে জিতেছে তার দল গাজী গ্রুপ। গুলশান ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে তারা। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব ৮ উইকেটে ২৮১ রান করে। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৮.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

আরো পড়ুন:

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১তম সেঞ্চুরির দেখা পেলেন এনামুল। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই ছন্দে ব্যাটিং করে তিন অঙ্কের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন। লিগে এখন পর্যন্ত ৫৩০ রান তুলে সবার ওপরে তার অবস্থান।

লক্ষ্য তাড়ায় এনামুলকে শুরুতেই সাহায্য করেন ওপেনার সাদিকুর। বাঁহাতি ব্যাটসম্যান ৭ বাউন্ডারিতে ৪০ বলে ৪৫ রান করেন। বাকিরা তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে কেবল তোফায়েল ২৩ রান করেন। বাকিটা ছিল এনামুল-শো।

গুলশানের স্পিনার ইলিয়াস সানী ১০ ওভারে ৫৪ রানে ৩ উইকেট নিয়ে লড়াই করেছিলেন। কিন্তু বাকিরা তেমন আলো ছড়াতে পারেননি।

এর আগে গুলশানের হয়ে ফিফটির দেখা পান লিটন কুমার দাশ ও আজিজুল হাকিম। লিটন ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৩ রান করেন। আজিজুল ৭৬ বলে ৫৩ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। বোলিংয়ের আগে ব্যাটিংয়ে ইলিয়াস ৩৮ রান করেন। আলিফের ব্যাট থেকে আসে ২১ রান। সম্মিলিত প্রচেষ্টায় গুলশান বড় পুঁজি পেলেও এনামুলের দ্যুতি ছড়ানো সেঞ্চুরিতে গাজী গ্রুপ সহজেই জয় পায়।

বল হাতে গাজী গ্রুপের হয়ে ২টি করে উইকেট নেন সাকলায়েন, আবু হাসিম ও আমিনুল বিপ্লব।

লিগে আট ম্যাচে ষষ্ঠ জয় তাদের। পয়েন্ট টেবিলে দুইয়ে তাদের অবস্থান। অন্যদিকে গুলশানের এটি আট ম্যাচে তৃতীয় পরাজয়।

এদিকে বিকেএসপির আরেক মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২৯ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৫ রান করে। জবাবে পারটেক্স ১৯৬ রানে থেমে যায়। রান পাননি পারটেক্সের সাব্বির রহমান। ওপেনিংয়ে নেমে ৪৯ বলে মাত্র ১৮ রান করেন। আট ম্যাচে এটি ব্রাদার্সের দ্বিতীয় জয়। পারটেক্সের সমান ম্যাচে ষষ্ঠ পরাজয়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়