সেমিফাইনালে যেতে আজ পাকিস্তানকে যা করতে হবে
ইংল্যান্ড পাকিস্তানকে দিল নতুন প্রাণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু গতকাল রাতে ইংল্যান্ড নিউ জিল্যান্ডকে হারিয়ে দেওয়ায় পাকিস্তানের আশা টিকে আছে।
সমীকরণের ম্যাড়প্যাচে পাকিস্তান এখনও যেতে পারে বিশ্বকাপের সেমিফাইনালে। সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুধু জিতলেই হবে না হিসেব কষে খেলতে হবে। পাকিস্তান যদি বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তবেই তাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে। অন্যথায় নিউ জিল্যান্ডই শেষ চারে পৌঁছাবে।
পাকিস্তানের বর্তমানে ২ ম্যাচে ১ পয়েন্ট। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচে বৃষ্টিতে পণ্ড হয়। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের নেট রান রেট হচ্ছে -০.৪৬১।
অন্যদিকে, নিউ জিল্যান্ডের খেলা শেষ। পাকিস্তানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিন্তু গতকাল ইংল্যান্ডের কাছে হেরেছে। তাদের পয়েন্ট ৩ ও নেট রান রেট +১.৩৯০।
গ্রুপ ২ থেকে ইংল্যান্ড পৌঁছে গেছে শেষ চারে। পাকিস্তান ও নিউ জিল্যান্ড যে কোনো একটি দল যাবে সেরা চারে। পাকিস্তান কোন সমীকরণে যেতে পারে সেমিফাইনালে সেটাই বিরাট প্রশ্ন।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান আগে ব্যাটিং করলে তাদেরকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। ধরা যাক, পাকিস্তান ১৬০ রান করেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের আটকে দিতে হবে ৯৬ রানে।
এছাড়া শ্রীলঙ্কা আগে ব্যাটিং করলে পাকিস্তানকে ১৩.১ ওভারের মধ্যে ওই রান তাড়া করতে হবে। ধরা যাক, শ্রীলঙ্কা ১৬০ রান করেছে। পাকিস্তানকে ওই রান করতে হবে ১৩.১ ওভারের মধ্যে। লক্ষ্যমাত্রা যাই হোক, ৪১ বল হাতে রেখেই জিততে হবে বাবর আজম, শাহিবজাদা ফারহানদের।
সমীকরণ যেমনই হোক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিততে চায় বাবর-আফ্রিদিরা।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছেন, ‘আমাদের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড ম্যাচের উপর। তারপরও আমরা শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। সেমিফাইনালে উঠতে না পারলেও জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই।’
সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে ৫১ রানে এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬১ রানে হারে লঙ্কানরা। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার, ‘পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আমরা বিশ্বকাপের ইতি টানতে চাই। এজন্য তিন বিভাগেই সবাইকে পারফরমেন্স করতে হবে।’
ঢাকা/ইয়াসিন