বইমেলার দ্বিতীয় দিনে ‘শিশুপ্রহর’, খুলছে ১১টায়
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর'। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে থাকবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে খুলেছে অমর একুশে বইমেলার দুয়ার। বেলা ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।
বাংলা একাডেমি অংশে থাকবে শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। একইসাথে, নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে মাতবে শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হবে বাঙালির প্রাণের উৎসবের প্রান্তর।
নানা সমীকরণ আর কাঁটাছেড়ায় এবারের মেলা মাত্র ১৮ দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। এখনও শেষ হয়নি ৪০ শতাংশের ওপর স্টলের কাজ। তারপরও প্রথম দিনের বেচাকেনায় আশাবাদী প্রকাশকরা।
অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি থেকে । নিয়ম অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে শিশুপ্রহর আয়োজন করা হয়েছে। বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর ছুটির দিন বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এবার মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
ঢাকা/এসবি