ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি তালেবানের

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তানের তালেবান। শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন।

শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, অভিযানে কমপক্ষে ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

আরো পড়ুন:

শুক্রবার তালেবান মুখপাত্র মুজাহিদ বলেন, তাদের হামলার উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট বার্তা পাঠানো যে ‘আমাদের হাত তাদের কলার ছুঁতে পারে।’ পাকিস্তানের যেকোনো ‘দুষ্টু কর্মকাণ্ডের’ জবাব ‘ইসলামাবাদকে’ দেওয়া হবে।

তার দাবি,  আফগানিস্তানের প্রতিশোধমূলক অভিযানে ১৯টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং দুটি সদর দপ্তর দখল করা হয়েছে। আফগান হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, “আফগান বাহিনী অস্ত্র, গোলাবারুদ, একটি ট্যাঙ্ক এবং একটি সামরিক পরিবহন যান উদ্ধার করেছে। যুদ্ধে ১৩ জন ইসলামিক আমিরাতের সেনা শহীদ এবং ২২ জন আহত হয়েছে।”

তার অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দা বিমান আফগান আকাশসীমার উপর দিয়ে উড়ছে এবং পাকিস্তান বারবার আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। 

মুজাহিদ বলেন, “যুদ্ধের সূত্রপাতকারী হলো পাকিস্তান।” 

আফগানিস্তানের সামরিক প্রতিক্রিয়াকে বৈধ আত্মরক্ষার জন্য সমর্থন করে উল্লেখ করে মুজাহিদ বলেন, “আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছি এবং আমরা এখনো চাই আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হোক।

তিনি সতর্ক করে দিয়ে জানান, আক্রমণ অব্যাহত থাকলে আফগান প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়