মোংলা থেকে উধাও কোটি টাকার সুপারি ফকিরহাটে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
থাইল্যান্ড থেকে আমদানিকৃত চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার করেছে বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ। উদ্ধারকৃত এই সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৩২ হাজার টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, থাইল্যান্ড থেকে আমদানিকৃত এই সুপারি মোংলা বন্দর হয়ে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল। সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা গোপাল চন্দ্র ঘোষের মালিকানাধীন ‘মেসার্স সনদ ট্রান্সপোর্ট এজেন্সি, খুলনা’র মাধ্যমে এই সুপারি পরিবহনের চুক্তি হয়। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোংলা পোর্ট থেকে তুহিন খানের মালিকানাধীন একটি ট্রাকের চালক মামুন খান ২৫০ বস্তা সুপারি নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হোন।
পরদিন ২৪ ফেব্রুয়ারি মালামাল বেনাপোল বন্দরে পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায়নি। পরবর্তীতে ট্রাক মালিক ও চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবহন কর্তৃপক্ষ ও সুপারির মালিক পক্ষ খোঁজাখুঁজি শুরু করেন।
পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়, ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে একটি ভাড়া বাসায় সুপারিগুলো রাখা হয়েছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার একটি টহল দল এসআই মো. শিবলী নোমানীর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে মনির শেখ নামে এক ব্যক্তির ভাড়া বাসার সিঁড়ি ঘর থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চটের বস্তাবন্দি ২৫০ বস্তা সুপারি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মালামাল পরিবহনের দায়িত্বে থাকা চালক ও গাড়ির মালিক পরস্পর যোগসাজশে সুপারিগুলো আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তির কাছে গচ্ছিত রাখেন। তৃতীয় ব্যক্তি জেনেশুনে চোরাই মালামাল নিজের কাছে লুকিয়ে রাখেন।
এঘটনায় গোপাল চন্দ্র ঘোষ বাদী হয়ে ট্রাকচালক মামুন খান, ট্রাক মালিক তুহিন খান ও মালামাল লুকিয়ে রাখা
মনি শেখের বিরুদ্ধ ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। মামলার বাদীর এজাহারের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/আমিনুল/ফিরোজ