দুদিন পেছাল আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই বাড়তি উন্মাদনা, উল্লাস। ক্রিকেট বিশ্বের প্রথম এবং সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের আগ্রহ সারা বছর জুড়েই থাকে।
১০ দল নিয়ে এবারের আইপিএল শুরু হওয়ার কথা আগামী ২৬ মার্চ। কিন্তু তা দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মার্চ শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩১ মে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আইপিএল কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিয়েছে আইপিএল পিছিয়ে দিতে। এরই মধ্যে দলগুলোকেও সেই সিদ্ধান্ত জানিয়েছে আয়োজকরা। তবে চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি।
আয়োজকরা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেনি। আসাম, পশ্চীমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না হওয়ায় সূচি প্রকাশে দেরি হচ্ছে।
২০০৮ সাল থেকে দেশে সাধারণ বা বিধানসভা নির্বাচন থাকলে আইপিএলের সূচি সাধারণত দুই ভাগে প্রকাশ করা হয়। এবারও সেই পদ্ধতি নেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা হবে। সূচি প্রকাশের পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল।
উদ্বোধনী ভেনু্য নিয়েও আছে অনিশ্চিয়তা। এবারের উদ্বোধনী ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে ১১ জনের মৃতু্য হয়। সেই ঘটনার পর বেঙ্গালুরুর ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে হয় কিনা তা এখনো নিশ্চিত নয়। বিকল্প ভেনু্য হিসেবে নাবী মুম্বাই, রায়পুর ও পুনের নাম বিবেচনা করা হচ্ছে।
ঢাকা/ইয়াসিন