ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বনলতা এক্সপ্রেস: পোস্টারে নব্বই দশকের আবহ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
বনলতা এক্সপ্রেস: পোস্টারে নব্বই দশকের আবহ

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার

নব্বই দশকের নস্টালজিয়াকে সামনে রেখে প্রকাশ পেল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অফিসিয়াল পোস্টার। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিলে রয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা কৌতূহল। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান পোস্টার উন্মোচন করে সামাজিক মাধ্যমে লিখেছে, “একটা ট্রেন। এক রাত। আর সফরসঙ্গী? অনেক গল্প। ‘বনলতা এক্সপ্রেস’-এ সফরের জন্য প্রস্তুত তো আপনারা?” 

আরো পড়ুন:

চলচ্চিত্রটির নির্মাতা তানিম নূর নিজের ভেরিফায়েড পেজে পোস্টার শেয়ার করে লেখেন, “বনলতা এক্সপ্রেস’-এর অফিসিয়াল পোস্টার। ‘উৎসব’ টিমের পক্ষ থেকে। এই ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা এক্সপ্রেস’। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো?” 

পোস্টারটি নজর কেড়েছে মূলত তার উপস্থাপনায়। পুরোনো দিনের রং, টাইপোগ্রাফি আর ডিজাইনে ফুটে উঠেছে নব্বই দশকের সিনেমার ঘ্রাণ। সেখানে স্পষ্টভাবে লেখা—“এটি কেবল একটি সাধারণ গল্প নয়, বরং ১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি।” 

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে ‘চিত্রা’ নামের এক তরুণীর এক দিনের ট্রেনযাত্রাকে ঘিরে। সেই যাত্রাপথে নানা মানুষের সঙ্গে দেখা, শোনা, অপ্রত্যাশিত মুহূর্ত—সব মিলিয়ে এক দিনের ভেতরেই খুলে যায় জীবনের বহুস্তর। 

চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ। 

এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্টপ্রোডাকশনের কাজ। নির্মাতারা আশা করছেন, গল্প, অভিনয় এবং নস্টালজিক উপস্থাপনার মিশেলে ঈদের দর্শকদের জন্য ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হয়ে উঠবে ‘বনলতা এক্সপ্রেস’।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়