ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধৈর্যহারা শ্রাবন্তী পুলিশের দ্বারস্থ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ধৈর্যহারা শ্রাবন্তী পুলিশের দ্বারস্থ

শ্রাবন্তী চ্যাটার্জি

পুলিশের দ্বারস্থ হলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শরীরি গড়ন নিয়ে নেটিজেনদের কুমন্তব্য দেখে ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে দাবি তার।  

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী তার চেহারা নিয়ে প্রতিনিয়ত কুমন্তব্যের শিকার হন। এসব দেখে দেখে এখন ধৈর্যহারা নায়িকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ নিশ্চিত করেছে, তারা শ্রাবন্তীর অভিযোগ পেয়েছে। 

আরো পড়ুন:

এ বিষয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনই ‘সফট টার্গেট’। কিন্তু শুধু শিল্পী হিসেবে বলছি না। একজন সাধারণ মানুষ হিসেবেই বলছি, এইভাবে সামাজিকমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।” 

কখনো পোশাক, কখনো শরীরি গড়ন নিয়ে অসংখ্যবার নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার হয়েছেন। তবে এসব বিষয় নিয়ে আগে কখনো চিন্তিত ছিলেন।  

এর আগে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, “কারো কারো স্বভাবই লোকজনকে নিয়ে সমালোচনা করা। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।” 

তবে শ্রাবন্তী তার এই আত্মবিশ্বাস এবার ধরে রাখতে পারেননি। ফলে আইনের আশ্রয় নিয়েছেন এই অভিনেত্রী।  

‘ঠাকুমার ঝুলি’ শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। এতে তাকে নামভূমিকায় দেখা যাবে। এ সিরিজের লুক প্রকাশ্যে আসার পর নেতিবাচক সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। 

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, “ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।” 

এ চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন শ্রাবন্তী। তবে সিরিজটির শুটিং শেষ হওয়ায় এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়