ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ চলাকালীন বাবা হারালেন রিঙ্কু সিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
বিশ্বকাপ চলাকালীন বাবা হারালেন রিঙ্কু সিং

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের মধ্যেই শোকের ছায়া নেমে এলো ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের পরিবারে। দীর্ঘ লড়াই শেষে শুক্রবার না ফেরার দেশে চলে গেছেন রিঙ্কুর বাবা খানচাঁদ সিং । তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) ক্যানসারে আক্রান্ত ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রেটার নয়ডার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানকার চিকিৎসক সুনীল কুমার তার লিভার ক্যানসারে মৃত্যুর খবর নিশ্চিত করেন, ‘‘গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। ২১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় এবং আজ ভোরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।’’

বাবার অসুস্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন মাঝপথে ঘরে ফিরতে হয় রিঙ্কুকে। পরে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেন। তাকে অবশ্য গৌতম গম্ভীর সেই ম্যাচে খেলাননি। পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। ম্যাচ জয়ের পর গতকাল হোটেলেই ছিলেন তিনি। সেখানেই পেয়েছেন বাবার মৃতু্যর খবর। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি ফিরে গেছেন আলিগড়ে, শোকার্ত পরিবারের মাঝে সময় কাটাতে। শেষকৃত্য সেখানেই সম্পন্ন হয়েছে।

মাসে ১২ হাজার রুপি বেতনে এলপিজি সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন খানচাঁদ সিং । পরিবার নিয়ে থাকতেন দুই কক্ষের একটি একতলার কোয়ার্টারে। ছেলেকে ক্রিকেটার বানাতে খানচাঁদ সিংয়ে র জীবনে ত্যাগের শেষ ছিল না। ছেলেও বাবার স্বপ্ন পূরণ করেছেন। রিঙ্কু সিং যখনই তার সাফল্যের গল্প শুনিয়েছেন, সবসময় তার বাবার সংগ্রামের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন। মাঠের বাইরে, তার জীবনের সবচেয়ে বড় শক্তি, বাবা, চলে গেলেন নীরবে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে সুপার এইটে আগামীকাল রোববার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে রিঙ্কু সিং থাকবেন কিনা নিশ্চিত করেনি বিসিসিআই। বিশ্বকাপ এখন পর্যন্ত ভালো কাটেনি তার। ৫ ইনিংসে রান করেছেন মাত্র ২৪।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়