লঙ্কানদের হতাশার মাঝে কোচের পদ ছাড়লেন জয়াসুরিয়া
টানা ব্যর্থতার ভার যেন স্তুপ হয়ে জমছিল। মাঝেমধ্যে সাফল্যের দেখা মিললেও ধারাবাহিকতা ছিল না। অনেক আশা আর আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করা সনাৎ জয়াসুরিয়া শেষ পর্যন্ত শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে নিজের অবস্থান খুঁজে পাননি। দলকে কতদূর এগিয়ে নিতে পারবেন, তা নিয়েও তৈরি হয় সংশয়।
এমন প্রেক্ষাপটেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়াসুরিয়া নিজেই এ ঘোষণা দেন। তিনি জানান, জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও আর দায়িত্বে থাকতে আগ্রহী নন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট নতুন কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।
সামনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, যা শুরু হবে ১৩ মার্চ থেকে। বোর্ড চাইলে সেই সিরিজে দলের সঙ্গে থাকবেন জয়াসুরিয়া।
বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স ছিল হতাশাজনক। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখালেও জিম্বাবুয়ের কাছে হেরে বসে তারা। সুপার এইটে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা মেলেনি। দলের এমন ব্যর্থতার দায় নিয়েই সরে দাঁড়ালেন জয়াসুরিয়া।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন দেশটির সাবেক অধিনায়ক এই কিংবদন্তি। শুরুটা ছিল আশাব্যঞ্জক—আগস্টে ভারতের বিপক্ষে ২৭ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতে নেয় দল। ইংল্যান্ড সফরে ওভালে জয় পায়, যদিও সিরিজ জেতা হয়নি। এরপর ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জয়ের সাফল্যও আসে।
তবে পরবর্তীতে ব্যর্থতার পাল্লাই ভারী হয়ে ওঠে। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি তারা, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে, আর বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিজেদের মাঠে। বিশ্বকাপেও ছিল ছন্নছাড়া পারফরম্যান্স।
এই ধারাবাহিক ব্যর্থতার পর দায়িত্বে থাকার আগ্রহ হারিয়ে ফেলেন জয়াসুরিয়া, এবং সেখান থেকেই তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এর আগে তিনি দুই দফায় শ্রীলঙ্কা দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা/ইয়াসিন