ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে ব্যানারে লেখা ‘শুভ উদ্বোধন করা হলো’

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে ব্যানারে লেখা ‘শুভ উদ্বোধন করা হলো’

২০২৪ সালের ৫ আগস্টে কয়েক দফায় ভাঙা হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়। পরে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবার সেখানে ঝুলানো হয়েছে নতুন ব্যানার। লেখা হয়েছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়ায় ব্যানারটি পুড়িয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে ব্যানার টাঙানোর বিষয়টি জানাজানি হলে দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তাদের নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। তারা ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

শামসুল আলম মিলু বলেছেন, “অস্তিত্বহীন আওয়ামী লীগের অফিসে উদ্বোধনী ব্যানার টাঙানোর বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেছি যে, কারা এই ব্যানার টাঙিয়েছে। দুই-তিন জন ব্যক্তি এই ব্যানারটা দিয়ে চলে গেছে। তবে, তাদের চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। পরে আমার সঙ্গে থাকা লোকজন সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং আমরা পরে সেটি পুড়িয়ে ফেলি।”  

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেছেন, “রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে রেখে যায়। পরে খবর নিয়ে জেনেছি, সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। কে লাগিয়েছে বা পুড়িয়েছে তা জানা নেই।”  

রাজশাহীতে আওয়ামী লীগের সুতিকাগার ছিল নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর দলীয় কার্যালয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ওই কার্যালয়ে ভাঙচুর চালান। গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা পরিত্যক্ত সেই কার্যালয়টি বুলডোজার দিয়ে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলেন। 

ঢাকা/মাহী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়