খালেদার প্রচারণায় ভীত নন আনিসুল হক
নাগ || রাইজিংবিডি.কম
আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়ার প্রচারণায় ভীত নন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিসুল হক।
তিনি বলেছেন, ভোটাররা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করবেন। নগরীর সমস্যার সমাধানে ও পরিবেশের উন্নয়নে যে প্রার্থী বাস্তবভিত্তিক কাজ করার অঙ্গীকার করবেন, তাকেই ভোট দেবেন ভোটাররা। কে নির্বাচনী প্রচারে নামল, তা মুখ্য নয়।
রোববার সকালে মিরপুর বাংলা কলেজের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আনিসুল হক। তিনি ভোটারদের কথা শোনেন। পানি, বিদ্যুৎ, মাদক, সন্ত্রাস ও নগরীর সমস্যার নানা চিত্র তুলে ধরেন তারা।
এজন্য আনিসুল হক বলেছেন, বেসরকারি উদ্যোগে অনেক সমস্যার সমাধান করতে হবে। নগরবাসীকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধান করবেন তিনি। এজন্য তাকে ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।
বাংলা কলেজে থেকে মিরপুরের পাইকপাড়া, নতুন বাজার, চার রাস্তার মোড়, মাজার এলাকায় গণসংযোগ করেন আনিসুল হক। ঠিক ওই সময় গুলশানে তাবিথ আউয়ালের পক্ষে মাঠে নেমেছিলেন খালেদা জিয়া।
তাকে প্রশ্ন করা হয়েছিল, খালেদা জিয়া তাবিথ আউয়ালের প্রচারণায় নামায় ভোটের হিসাবে পার্থক্য তৈরি হতে পারে কি না। উত্তরে আনিসুল হক বলেছেন, কে প্রচারণা চালাচ্ছে সেটা বড় কথা নয়। আসলে ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও মান যাচাই করেই ভোট দেবেন। যে কারণে প্রচারণা যত জমকালোই হোক না কেন, ভোটাররা প্রার্থী বাছাইয়ে ভুল করবেন না।
তিনি বলেন, ‘মেয়রের কাজ হচ্ছে জনগণের সেবা নিশ্চিত করা। সে ক্ষেত্রে জনগণের সমস্যা সমাধানে যে পাশে থাকবে জনগণ তাকেই ভোট দেবে।’
জনগণ ভোট দিতে ভুল করবে না- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যোগ্যতার বিবেচনায় তিনি এগিয়ে আছেন।
দুপুর দেড়টায় কল্যাণপুর এলাকায় এসে দিনের প্রথম প্রহরের গণসংযোগ শেষ করেন তিনি। বিকেলে তেজগাঁও, রামপুরা ও উত্তরা এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে আনিসুল হকের।
রাইজিংবিডি/১৯ এপ্রিল ২০১৫/নাগ/এআর/কমল কর্মকার
রাইজিংবিডি.কম