ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৪ জুন ২০২৬  
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হলো গাজীপুর সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে নগরজুড়ে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে মহাসড়কের পাশসহ বিভিন্ন স্থানে কয়েক শ’ ফুলগাছ ও ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা রোপণ করা হয়। নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদেরসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবনকেও নিরাপদ করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

তিনি আরো বলেন, সবুজায়ন সম্প্রসারণের মাধ্যমে গাজীপুরকে আরো পরিবেশবান্ধব ও টেকসই নগরীতে পরিণত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে নগরীর পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/রফিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়