ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালটি এখন আবর্জনার ভাগাড়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালটি এখন আবর্জনার ভাগাড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়া এলাকার এক সময়ের ঐতিহ্যবাহী গয়নার চর খালটি এখন আবর্জনার ভাগাড়।

বর্ষাকালে চট্টগ্রাম মহানগরীর পানি নেমে যাওয়ার পথগুলোর এটিও ছিল অন্যতম প্রধান। সেই খালটি এখন ঢাকা পড়ে আছে সিটির দায়িত্বশীলদের দৃষ্টির আড়ালে। ফলে দীর্ঘদিনেও খালটি সচলে কোন উদ্যোগ নেয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

স্থানীয় এলাকাবাসী জানান, সরাইপাড়া এলাকার অংশে গয়নার চর খালটি দীর্ঘদিন থেকেই ভরাট হয়ে আছে। দেখে মনেই হবে না এটি খাল। দীর্ঘদিন পরিস্কার না করায় খালটি স্বরূপ হারাতে বসেছে। এর ফলে বর্ষা মৌসূমে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে চোখ বন্ধ করেই আছেন।

সরেজমিনে দেখা যায়, সরাইপাড়া ওয়ার্ডস্থ পিসি রোডের পূর্ব পাশের কনকা সিএনজি স্টেশনের পেছন ঘেঁষে খালটির অবস্থান। এটি পাহাড়তলী থেকে এসে হালিশহরে গিয়ে মিলেছে। ১৫ থেকে ২০ ফিট প্রশস্থ খালটির বেশ কয়েকটি অংশেই ময়লা ফেলার কারণে ভরাট হয়ে গেছে। এর মধ্যে পিসি রোডের হাজি আশরাফ আলী রোড, বঙ্গবন্ধু গলির পাশেই ঘেঁষে যাওয়া খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যার কারণে পানি চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে। খালের দুপাশেই হাজার হাজার মানুষের বসবাস। ময়লা-আবর্জনার দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকাজুড়ে। যেন অস্বাস্থ্যকর পরিবেশেই বসবাস করছে এলাকার হাজারো বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত সাত বছরে দু’বার সিটি কর্পোরেশন থেকে খালটি পরিদর্শনে এসে পরিস্কারের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর পর খালের মুখ পরিস্কার করতে ভেকু মেশিন দিয়ে দুইবার চেষ্টাও করা হয়েছে। পরবর্তীতে পরিস্কার না করেই চলে যান পরিচ্ছন্ন কর্মীরা। এভাবে দীর্ঘদিন থেকেই বিভিন্ন ময়লা আবর্জনায় ভরাট হয়ে আছে খালটি। খালে ময়লা থাকার কারণে চারদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি মশা-মাছিরও উপদ্রব বেড়েছে। এসবের কারণে এলাকাজুড়ে রোগ জীবাণুও ছড়াচ্ছে বলে জানান স্থানীয়রা।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ মার্চ ২০১৯/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়