ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬০ সেকেন্ডের ক্রিকেট দিয়ে বিশ্বকাপের উদ্বোধন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৬, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০ সেকেন্ডের ক্রিকেট দিয়ে বিশ্বকাপের উদ্বোধন

ক্রীড়া ডেস্ক : আজ থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেট-২০১৯। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ৪৬ দিনের ময়দানি লড়াই।

তার আগে বাংলাদেশ সময় বুধবার রাতে বাকিংহাম প্যালেসের বিপরীতে অবস্থিত দ্য মলে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, ক্রিকেট উপস্থাপক শিবানি দান্দেকার ও প্যাডি ম্যাকগিনেস। এ সময় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথমেই ইংলিশ গায়ক জন নিউম্যান ‘ফিল দ্য লাভ’ গান নিয়ে মঞ্চে আসেন। এরপর শুরু হয় ‘৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’। বিশ্বকাপে অংশ নেওয়া দশ দেশের দুইজন করে মোট ২০ জন প্রতিনিধিকে নিয়ে আয়োজিত হয় ‘৬০ সেকেন্ডের স্ট্রিট ক্রিকেট’। যেখানে প্রতিনিধিত্ব করেন প্রতিটি দেশের অতিথিরা। সর্বোচ্চ রান সংগ্রহকারী জুটি এই চ্যালেঞ্জে বিজয়ী হন।



অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভিড বুন ছিলেন এই স্ট্রিট ক্রিকেটের আম্পায়ার। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্পিনার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। ভারতের পক্ষে ছিলেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে ও বলিউড অভিনেতা ফারহান আক্তার।



এই ইভেন্টে নিজ নিজ দেশের হয়ে অংশ নেন কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস, জ্যাক ক্যালিস, ব্রেট লি ও কেভিন পিটারসেন।

৬০ সেকেন্ড স্ট্রিট ক্রিকেটে শুরুতেই ব্যাট করতে নামেন আফগানিস্তানের দুইজন অতিথি। তারা ১ মিনিটে ৫২ রান করতে পারে।

এরপর শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে আসেন মাহেলা জয়াবর্ধনে ও একজন অতিথি। তারা ১ মিনিটে ৪৩ রান করে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ও অলিম্পিক অ্যাথলেট ইয়োহান ব্লেক ব্যাট হাতে নামেন। তারা করেন ৪৭ রান।



বাংলাদেশের হয়ে মাঠে নামেন আব্দুর রাজ্জাক ও জয়া আহসান। তারা দুজন এক মিনিটে করতে পারেন ২২ রান। পাকিস্তান করে ৩৮ রান। তাদের প্রতিনিধিত্ব করেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

এক মিনিটে অস্ট্রেলিয়ার ব্রেট লি ও তার অতিথি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান। নিউজিল্যান্ড করে ৩২ রান। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ফুটবলার স্টিভেন পিয়েনার করেন ৪৮ রান। ভারতের কুম্বলে ও ফারহান করেন ১৯ রান। ইংল্যান্ডের কেভিন পিটারসেন অবশ্য জয়লাভ করেন এই চ্যালেঞ্জে। তারা এক মিনিটে করে ৭৪ রান!




এই চ্যালেঞ্জ ক্রিকেট শেষে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বিশ্বকাপের ট্রফি নিয়ে মঞ্চে আসেন। যিনি ২০১৫ সালে সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে শিরোপা জিতেছিলেন। তার সঙ্গে ছিলেন ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান।

এরপর বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’ নিয়ে মঞ্চে ওঠেন গায়ক লরেন ও রুডিমেন্টাল।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়