ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপনে দেশে ফিরেছেন মিঠুন!

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপনে দেশে ফিরেছেন মিঠুন!

মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় গত বছরের ২৮ ডিসেম্বর চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সবার ধারণা ছিল, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু অনেকটা গোপনে ভারতে ফিরেছেন এই অভিনেতা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন মিঠুন। ভোরবেলায় মন্দিরে গিয়েছিলেন। এ অভিনেতা মন্দির দর্শনের বিষয়টি গোপন রেখেছিলেন। কেউ যাতে তাকে চিনতে না পারেন, তাই মিঠুন মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করেন।

এ প্রসঙ্গে মন্দিরের পুরোহিত তরুণ ব্যানার্জি সংবাদমাধ্যমটিতে বলেন, ‘গত রোববার গভীর রাতে আমার কাছে একটা ফোন আসে। ফোন করেছিলেন মিঠুনের ছোটবেলার বন্ধু কলকাতা হাইকোর্টের আইনজীবী বিমান সরকার। তিনি বলেন, ‘ভোরবেলায় মিঠুনকে নিয়ে তারাপীঠে আসছেন। মিঠুনের ইচ্ছে— দেশে ফিরেই মন্দিরে পূজা দিবে। মিঠুন তারাপীঠ মন্দিরে আসছেন তা যাতে কাকপক্ষীও জানতে না পারেন। এ দায়িত্ব আমাকে দিয়েছিলেন তিনি।’

এদিন ভোর পাঁচটার দিকে একটি লাল রঙের সাফারি গাড়ি চড়ে তারাপীঠে গিয়েছিলেন মিঠুন। পূজা শেষ হওয়া মাত্রই গাড়িতে উঠে যান। তারপর বোলপুর হয়ে কলকাতা ফিরবেন বলেও জানান তিনি।

বর্তমানে অভিনয়ে খুব বেশি নিয়মিত নন তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা। জানা গেছে, ভারতের উটিতে অবস্থিত তার বাংলোতেই বেশিরভাগ সময় কাটান তিনি। ২০১৭ সালে ‘দ্য ড্রামা কোম্পানি’ কমেডি শোতে তাকে সর্বশেষ ছোট পর্দায় দেখা যায়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘জিনিয়াস’।

২০০৯ সালে সোহম শাহ পরিচালিত ‘লাক সিনেমার শুটিং করতে গিয়ে পিঠে গুরুতর আঘাত পেয়েছিলেন মিঠুন। তখন চিকিৎসা নিয়ে সুস্থ হলেও ২০১৫ সালে পুনরায় একই কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর প্রায়ই পুরোনো ব্যথায় ভুগতে হয় তাকে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়