ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঋষি কাপুর ক্যানসার মুক্ত

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঋষি কাপুর ক্যানসার মুক্ত

ঋষি কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। গত সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল। অবশেষে আজ মঙ্গলবার নির্মাতা রাহুল রাওয়াইল জানান, বর্তমানে ঋষি কাপুর ক্যানসার মুক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাহুল রাওয়াইল লেখেন, ‘ঋষি কাপুর (চিন্টু) ক্যানসার মুক্ত।’ পরবর্তী সময়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে এ নির্মাতা বলেন, ‘হ্যাঁ, ঋষি এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত। তার সঙ্গে আমার দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে। তিনি সকালে (মঙ্গলবার) আমাকে কল করে সু-খবরটি দিয়েছেন। তিনি ক্যানসার থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন। এখন শুধু কিছু ছোটখাটো ফলোআপ ও প্রক্রিয়া রয়েছে, সেগুলো করতে হবে এবং এটি আবার ফিরে আসার সম্ভাবনা নেই।’

ঋষি কাপুরের ভারতে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখনো এ বিষয়ে জানি না। কিন্তু তিনি যত দ্রুত সম্ভব ফিরতে চান। তার সঙ্গে আমার আরো ব্যক্তিগত কথা হয়েছে। কিন্তু এতটুকুই জানাতে পারব।’

খবরটি নিশ্চিত করে ঋষি কাপুরের বড় ভাই রণধীর কাপুর সংবাদমাধ্যমটিতে বলেন, ‘হ্যাঁ, তিনি এখন ভালো আছেন এবং খুব শিগগির ফিরবেন। তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে, তার সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে, কিন্তু তিনি ভালো আছেন।’

এছাড়া সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রণবীর কাপুর বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘তিনি সেরে উঠছেন এবং খুব শিগগির ফিরবেন। তিনি সিনেমা ও সিনেমার কাজকে খুব মিস করছেন। আমি আশা করব, আপনাদের প্রার্থনা ও শুভকামনায় তিনি শিগগির ফিরবেন।’

চিকিৎসার জন্য ঋষি কাপুর নিউ ইয়র্কে যাওয়ার পর থেকেই তার রোগ কী তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। ইংরেজি নতুন বছরে তার স্ত্রী নিতু কাপুর একটি পোস্ট করলে ঋষি কাপুরের ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জন বলিপাড়ায় চাউর হয়। নিতু কাপুর লিখেছিলেন, ‘আশা করব ভবিষ্যতে ক্যানসার শুধু রাশিচক্রের চিহ্ন হয়েই থাকবে।’ যদিও তখন পরিবারের পক্ষ থেকে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়নি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/মারুফ/শান্ত                                 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়