ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের পক্ষে চীন-রাশিয়া

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের পক্ষে চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া।

রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বুধবার রাতে দেওয়া ওই বিবৃতিতে সব পক্ষকে ইরানের পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানানো হয়।

যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীনের নেতারা পরমাণু সমঝোতার প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ থাকায় সন্তোষ প্রকাশ করেন। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী এ দুই দেশ  উক্ত সমঝোতার প্রতি অবিচল থাকবে বলেও প্রতিশ্রুতি দেন দুই নেতা।

একইসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞা মানে না রাশিয়াও চীন।’

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চীন-রাশিয়া দুদেশের নেতাই ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশই তাদের পারস্পরিক স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে বর্তমানে মস্কো রয়েছেন। সেখানে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জিনপিং এবং দুদেশের মধ্যে কয়েকটি বাণিজ্য চুক্তি হয়ে বলে জানিয়েছে বিবিসি।বৈঠকে জিনপিং পুতিনকে তার সবচেয়ে ভাল বন্ধু বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ পর্যায়ের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, হোয়াইট হাউজের পাশাপাশি মার্কিন সিনেটররাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করতে চান।

পম্পেওর ওই বক্তব্যের পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মার্কিন সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে এবং অচিরেই তাদের অহংকার চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এখন পর্যন্ত ১৫টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর থেকে এখন পর্যন্ত ওই সমঝোতার কাঠামোর আওতায় থেকে নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করেছে ইরান।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসব প্রতিবেদনের প্রতি ভ্রুক্ষেপ না করে গত বছরের মে মাসে পরমাণু সমঝোতা থেকে তার দেশর বের হয়ে যাওয়া ঘোষণা দেন। শুধু তাই নয়, নভেম্বরে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞাও আরোপ করেন।

কিন্তু পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো (চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন) ট্রাম্পের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করে পরমাণু সমঝোতায় অটল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে।




রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়