২ হাজার ২০০ কোটি টাকার ক্ষতির হাত থেকে বাঁচল আইসিসি
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
টি-টোয়েন্টি বিশ্বকাটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের সিদ্ধান্তে বড়সড় আর্থিক ধাক্কা থেকে রক্ষা পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় প্রায় ১৭৪ মিলিয়ন ডলার সমপরিমাণ ক্ষতি এড়াতে পেরেছে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার সমান।
এই বিপুল অঙ্কের হিসাবের মধ্যে রয়েছে সম্প্রচারস্বত্বের আয়, স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং বিভিন্ন স্পনসরশিপ চুক্তি থেকে পাওয়া অর্থ। যেগুলো ম্যাচটি বাতিল হলে হারানোর আশঙ্কা ছিল।
ম্যাচটি পুনরুজ্জীবিত হওয়ার খবরের পরপরই ভ্রমণ ও পর্যটন খাতেও তার প্রভাব দেখা গেছে। মুম্বাই থেকে কলম্বো রুটের বিমানভাড়ায় হঠাৎ ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। আগে যেখানে টিকিটের দাম ছিল প্রায় ১০ হাজার রুপি, সেখানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার রুপিতে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে তাদের দল। সরকারের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য সদস্য দেশের যোগাযোগ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণায় কলম্বোর হোটেল শিল্পেও স্বস্তি ফিরে এসেছে। ক্রিকেটপ্রেমীদের ভিড়ে বুকিং বাড়বে, এমন প্রত্যাশায় ব্যবসায়ীরা এখন নতুন করে প্রস্তুতি নিচ্ছেন।
তবে সিদ্ধান্ত বদলের ফলে কিছু ভক্তের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছে। অনেকেই আগে হোটেল বুকিং বাতিল করেছিলেন বা ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন। এখন তারা আবার বুকিং করার চেষ্টা করছেন কিংবা টিকিটের অর্থ ফেরত সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করছেন।
প্রসঙ্গত, শুরুতে ভারত-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের জেরে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের বোর্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এরপর বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়।
আইসিসির সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান নেয়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ম্যাচে অংশ নেওয়ার পথেই হাঁটল পাকিস্তান। যার ফলে আর্থিকভাবে বড় ক্ষতির হাত থেকে বাঁচল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ঢাকা/আমিনুল