ভোট দিতে যাওয়ার জন্য বাস চান চবির শিক্ষার্থীরা, না দেওয়ায় প্রধান ফটকে তালা
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্বাচনে অংশগ্রহণের জন্য দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াতে বাস সরবরাহ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসুর এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছেন সাধারণ শিক্ষার্থীরাও।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়। বাস সরবরাহ না করা পর্যন্ত তালা খোলা হবে না বলে ঘোষণা দেন তারা।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, “নির্বাচনে অংশ নিতে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বাস দিচ্ছে না। শুধু ট্রেনের দুইটি বগি ভাড়ার জন্য সামান্য টাকা দিচ্ছে। আমরা বাইরে থেকে টাকা ম্যানেজ করে বাস কাউন্টারগুলোতে ঘুরতে ঘুরতে অপারগ হয়ে যখন জানালাম, যত খরচ হবে আমরা সেই টাকা দিয়েই বাস নেব, শুধু বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে দিতে হবে—তবুও প্রশাসন সেটাও দিচ্ছে না।”
তিনি আরো বলেন, “বিভিন্ন অনুষ্ঠানে ও প্রোগ্রামে বাস দেওয়া হয়, কারণ সেগুলো শিক্ষকরা চান। এখন এটা শিক্ষার্থীদের চাওয়া, তাই এর কোনো ভ্যালিডিটি নেই। শিক্ষার্থীদের জন্য বাস না দেওয়া পর্যন্ত মূল ফটক বন্ধ থাকবে।”
২০২০–২১ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী আবরারুল হক বলেন, “চাকসু বার বার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলেও বাস দেওয়া হচ্ছে না। এমনকি চাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, বাসের যত টাকা খরচ হবে, সব তারা দেবে, তবুও বাস দেওয়া হয়নি। এটি স্পষ্টতই শিক্ষার্থী-বিরোধী অবস্থান।”
আবরারুল বলেন, “এদিকে বাইরে থেকেও এখন বাস পাওয়া যাচ্ছে না। কুবি ও নোবিপ্রবির মতো তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয়গুলো যেখানে তাদের শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে, সেখানে আমাদের সঙ্গে প্রশাসন প্রহসন করছে।”
ঢাকা/মিজানুর/জান্নাত