১০ উইকেটে জিতল নিউ জিল্যান্ড
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটের দাপুটে জয় পেয়েছিল নিউ জিল্যান্ড। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও বড় জয় পেয়েছে। চেন্নাইতে সংযুক্ত আরব আমিরাতকে তারা উড়িয়ে দিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।
টস জিতে আমিরাত আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের জোড়া ফিফটিতে ১৫.২ ওভারেই জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড। সেইফার্ট ৪২ বলে ১২টি চার ও ৩ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে অ্যালেন ৫০ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন সেইফার্ট।
তার আগে ব্যাট করতে নেমে ১২ রানেই আরিয়ানশ শর্মার উইকেট হারায় আমিরাত। মাত্র ৮ রান করে ফেরেন তিনি। এরপর ওয়াসিম ও আলিশান দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন। ১১৯ রানের মাথায় আলিশান ফিরলে ভাঙে এই জুটি। যাওয়ার আগে ৪৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলে যান।
এরপর সতীর্থদের নিয়ে রান আগাতে থাকেন ওয়াসিম। ১২৪ রানের মাথায় হরষিত কৌশিক (২) আউট হওয়ার পর মায়াঙ্ক কুমারকে নিয়ে এগোতে থাকেন ওয়াসিম। ১৬৪ রানের মাথায় মায়াঙ্ক ফিরেন ২১ রান করে। ১৭৩ রানের মাথায় শোয়েব খান (৭) ও মুহাম্মদ আরফান (০) আউট হন। কিন্তু ওয়াসিমের ব্যাটে ১৭৩ রানের সংগ্রহ পায় আমিরাত। অধিনায়ক ৪৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন।
বল হাতে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ৪ ওভারে ৩৭ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জ্যাকব ডাফি, লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
ঢাকা/আমিনুল