ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া-৩ আস‌ন

আমির হামজাকে জরিমানা, সরকারি কর্মকর্তাকে শোকজ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
আমির হামজাকে জরিমানা, সরকারি কর্মকর্তাকে শোকজ 

আমির হামজা

নির্বাচনি আচরণবি‌ধি লঙ্ঘ‌নের অভিযো‌গে কুষ্টিয়া-৩ (সদর উপ‌জেলা) আস‌নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

আরো পড়ুন:

কুষ্টিয়ার ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়।

অন্যদিকে, একই আসনে বিএন‌পি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের স‌ঙ্গে নির্বাচনি প্রচা‌রণায় অংশ নেওয়ার অভিযো‌গে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দি‌য়ে‌ছে নির্বাচনি অনুসন্ধান ও বিচা‌রিক কমিটি। ওই সরকা‌রি কর্মকর্তার নাম ডা. হো‌সেন ইমাম। তিনি কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়া‌রি) যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলাম কারণ দর্শানোর নো‌টিশে স্বাক্ষর ক‌রেন। নো‌টি‌শে বুধবার বি‌কেল ৩টায় হো‌সেন ইমাম‌কে  স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে লি‌খিত ব‌্যাখ্যা দিতে বলা হ‌য়ে‌ছে। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বিএন‌পি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেনের নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন। গত ৮ ফেব্রুয়া‌রি সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগ দাখিল করা হয়। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রাথমিকভাবে নির্বাচনি আচরণবিধি এবং সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত তারিখ ও সময়ে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত হো‌সেন ইমাম ব‌লেছেন, “বি‌ভিন্ন মাধ‌্যমে বিষটি আমি জে‌নে‌ছি। কিন্তু, এখন পর্যন্ত ‌নো‌টিশ হা‌তে পাইনি।” 

এ বিষ‌য়ে বিএন‌পির প্রার্থী জা‌কির হো‌সেন সরকার ব‌লেছেন, “এক‌দিন আরএমওর এলাকায় গণসং‌যো‌গে গি‌য়ে‌ছিলাম। ওইদিন তার সা‌থে দেখা হ‌য়ে‌ছিল। এর বাইরে তি‌নি আমার প্রচারণায় অংশ নেন‌নি।” 

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়