অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষ।
ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকা অবরোধ করেন তারা। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
আন্দোলনকারীরা জানান, নির্বাচন উপলক্ষে সোমবার পোশাক কারখানা শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। আজ সকাল থেকে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। এই সুযোগ কাজে লাগিয়ে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।
মুখলেস নামে এক যাত্রী বলেন, “ভোটের আমেজ চলছে। আমি গ্রামের বাড়ি জামালপুরে যাব ভোট দিতে। যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে এখন ১ হাজার টাকা ভাড়া চাচ্ছেন বাসের চালক ও হেলপাররা। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই।”
পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, “পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাব। আগে ৫০০ টাকা ভাড়া ছিল, কিন্তু আজ ১ হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। আমরা পোশাক শ্রমিক, অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাব।”
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান জানান, সড়কে অতিরিক্ত যাত্রীরা অবস্থান করছেন। যাত্রীর চাপ বেশি থাকায় তারা সড়কে অবস্থান নিয়েছেন। অবরোধের বিষয়টি জানা নেই বলও জানান তিনি।
ঢাকা/সাব্বির/মাসুদ