ঢাকা ব্যাংকের ‘ইঋণ ডিভাইস’ সুবিধায় কেনা যাবে ওয়ালটন মোবাইল
দেশের প্রথম ও শীর্ষ মোবাইল ফোন প্রস্তুতকারক ব্র্যান্ড ওয়ালটন এবং ঢাকা ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
চুক্তির আওতায় ওয়ালটন মোবাইল ব্র্যান্ডের অথরাইজড ডিসট্রিবিউটর পয়েন্ট থেকে গ্রাহকরা সহজেই ডিজিটাল পদ্ধতিতে ঢাকা ব্যাংকের লোন সুবিধা নিয়ে সর্বাধুনিক ফিচারের স্মার্টফোন কিনতে পারবেন।
এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা বিশেষ করে শিক্ষার্থী এবং প্রান্তিক জনগোষ্ঠী এখন আরো সহজে স্মার্টফোন ক্রয় করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ বিষয়ে সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ওয়ালটন মোবাইল এবং ঢাকা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার আবু জাহিদ এবং ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এম এম মঈন উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ওসমান এরশাদ ফাইজ, ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং ঢাকা বাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোশতাক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন মোবাইলের গ্রাহকরা অথোরাইজড ডিসট্রিবিউটর পয়েন্ট থেকে ঢাকা ব্যাংকের ডিভাইস ফাইনান্সিয়াল অ্যাপ ‘ইঋণ ডভিাইস’ এর মাধ্যমে সহজ পদ্ধতিতে লোন নেওয়ার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকের ন্যাশনাল আইডি কার্ড নম্বর ও ছবি প্রয়োজন হবে। মাত্র ৪০ মিনিটের মধ্যেই লোন অ্যাপ্লিকেশন এপ্রুভ হয়ে যাবে এবং সর্বনিম্ন ৩০% ডাউন পেমেন্টে সহজ শর্তে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন গ্রাহক।
জানা গেছে, এই উদ্যোগে টেকনোলজি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইনফিনিয়াটেক লিমিটেড। গ্রাহক চাহিদা বিবেচনায় রেখে বর্তমানে ওয়ালটনের নেক্সজি, জেনন, অরবিট ও নেক্সজি সিরিজের অত্যাধুনিক ফিচারযুক্ত বিভিন্ন মডেলের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।
ঢাকা/পলাশ/সাইফ