ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসিনা-আবে বৈঠক: ২৫০ কোটি ডলারের সহায়তা চুক্তি সই

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসিনা-আবে বৈঠক: ২৫০ কোটি ডলারের সহায়তা চুক্তি সই

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক (ছবি : পিআইডি)

সচিবালয় প্রতিবেদক : চার দেশ সফরের অংশ হিসেবে বর্তমানে জাপান অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আজ বুধবার বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় বাংলাদেশের সঙ্গে জাপানের ২৫০ কোটি ডলারের চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় পাঁচটি প্রকল্প বাস্তবায়ন হবে।

বুধবার জাপানের রাজধানী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি হয়। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চুক্তির আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন হবে, সেগুলো হলো- মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প-১, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন-১), সরাসরি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ প্রকল্প-২, জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ উৎসাহিতকরণ অর্থায়ন প্রকল্প (ফেজ-২) ও মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প-৫।

এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।

জাপানের পক্ষে প্রধানমন্ত্রী শিনজো আবে ছাড়াও দেশটির নীতি-নির্ধারক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান  শিনজো আবে। এ সময় শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ মোট ১ হাজার ১৩০ কোটি ডলারের সহায়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই নতুন উন্নয়ন সহায়তা চুক্তি সই হলো।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়