বিশ্বকাপের শেষ প্রস্তুতি শুরু রোববার
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিশ্বকাপ দলের শেষ প্রস্তুতি শুরু হচ্ছে রোববার। দুদিনের প্রস্তুতিতে থাকবে জাতীয় দলের সব ক্রিকেটাররাই।
বিশ্বকাপ শুরু হতে বাকি ৩৪ দিন। দ্বাদশ বিশ্বকাপে অংশগ্রহণের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয় গত ২২ এপ্রিল। টানা চারদিন অনুশীলন করেছেন পাঁচ ক্রিকেটার। সাকিব বাদে বাকিরা ব্যস্ত ছিলেন প্রিমিয়ার লিগ নিয়ে। ২৩ এপ্রিল প্রিমিয়ার লিগ শেষের পর চারদিন ছুটি কাটিয়েছেন সৌম্য, সাব্বির, মাশরাফিরা।
এবার তাদেরও মাঠে ফেরার পালা। রোববার সাকিব বাদে পুরো দল অনুশীলন করবে। সকাল সাড়ে আটটায় ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। দুই সেশনের অনুশীলন শেষ হবে বিকেল সাড়ে চারটায়।
ছুটি কাটাতে নড়াইলে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। শুক্রবার রাতে ফেরেন ঢাকায়। কাল দলের সঙ্গে অনুশীলন করবেন নড়াইল এক্সপ্রেস। তবে সাকিব যোগ দিবেন শেষ দিনের অনুশীলনে। আজ আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলছেন সাকিব। কাল তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ছুটিতে থাকা সব ক্রিকেটাররাই ফিরেছেন ঢাকায়।
সাব্বির পরিবারকে সময় দিতে গিয়েছিলেন রাজশাহীতে। আজ ঢাকায় ফিরেছেন এ ক্রিকেটার। সৌম্য, সাইফউদ্দিন অবশ্য ঢাকাতেই ছিলেন। মিরাজ দুদিনের ছুটি কাটাতে স্বস্ত্রীক ঢাকার বাইরে গিয়েছিলেন। ডানহাতি স্পিন অলরাউন্ডারের রাতে ফেরার কথা রয়েছে।
রোববার ও সোমবার দুদিন অনুশীলন শেষে মঙ্গলবার ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। পহেলা মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। ত্রিদেশীয় সিরিজে ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফাইনাল খেললে ত্রিদেশীয় সিরিজে পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল
রাইজিংবিডি.কম