ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যাটিং-বোলিংয়ে বিবর্ণ সাকিব, হায়দরাবাদের হার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ২৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটিং-বোলিংয়ে বিবর্ণ সাকিব, হায়দরাবাদের হার

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ খেললেন সাকিব আল হাসান। কিন্তু জয়ের স্বাদ পাওয়া হলো না এবারও। রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেছে তার দল। ব্যাটিং কিংবা বোলিংয়ে আলো ছড়াতে পারেননি সাকিব নিজেও।

জয়পুরে শনিবার রাতে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬০ রান করেছিল হায়দরাবাদ। রাজস্থান সেটি পেরিয়ে যায় ৫ বল বাকি থাকতে।

মনিশ পান্ডের ৬১ ও ডেভিড ওয়ার্নারের ৩৭ রান ছাড়া হায়দরাবাদের হয়ে আর কেউ ভালো করতে পারেননি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে নেমে ৮ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রশিদ খান। সাকিব পাঁচ নম্বরে নেমে ১০ বলে কোনো বাউন্ডারি ছাড়া করেন ৯ রান।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ৪ রান। বাঁহাতি স্পিনার নিজের পরের ওভারে খরচ করেন ৭ রান।

প্রথম দুই ওভারে ১১ রান দেওয়া সাকিব তৃতীয় ওভারে ১১ রান দিয়ে নেন অজিঙ্কা রাহানের উইকেট। ইনিংসের ও সাকিবের শেষ ওভারের প্রথম বলে চার হাঁকিয়েই রাজস্থানের জয় নিশ্চিত করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করা সঞ্জু স্যামসন। সব মিলিয়ে ৩.১ ওভারে ২৬ রানে একটি উইকেট নেন সাকিব।

হায়দরাবাদের প্রথম ম্যাচে খেলার পর আট ম্যাচ সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছিল সাকিবকে। এরপর খেললেন টানা দুই ম্যাচ। কিন্তু হারলেন সবগুলোই। আজই দেশে ফেরে আগামীকাল তার বিশ্বকাপ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়