‘মাশরাফি দলকে নেতৃত্ব দেয় যোদ্ধার মতো’
ক্রীড়া ডেস্ক : অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। তার মতে, মাশরাফি দলকে নেতৃত্ব দেন একজন যোদ্ধার মতো।
মাশরাফির নেতৃত্বেই গত কয়েক বছরে ওয়ানডেতে অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠা, দ্বিপক্ষীয় সিরিজের বাইরে প্রথম কোনো শিরোপা জয়- বাংলাদেশের সেরা সাফল্যগুলো ধরা দিয়েছে মাশরাফির হাত ধরেই।
মাশরাফির নেতৃত্বে দ্বিতীয়বারের মতো এবার বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। আর দুইদিন পর শুরু হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপই মাশরাফির শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে অধিনায়ককে নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ।
রোববার কার্ডিফে রোডস বলেছেন, ‘মাশরাফি দলকে নেতৃত্ব দেয় একজন যোদ্ধার মতো। সে সামনে থেকে নেতৃত্ব দেয় বলেই তাকে লোকজন এত শ্রদ্ধা করে। সে কাউকে এমন কিছু করতে বলে না যা সে নিজে করতে পারবে না। এটা একজন অধিনায়কের মহৎ গুণ। আমি তাকে কিছু ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করি। আমাদের সম্পর্ক নিয়ে কাজ করি, এবং সম্পর্কটা বেশ ভালোভাবে চলছে বলেই মনে হয়।’
রোডস কথা বলেছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও। কোচ জানালেন, অধিনায়ক হিসেবে মাশরাফির চেয়ে সাকিব একটু আলাদা, ‘তারা ভিন্ন ধাঁচের দুই অধিনায়ক। সাকিব বেশ কৌশলী অধিনায়ক, প্রতিপক্ষের ব্যাপারে সে অনেক কিছু জানে, সে জানে সঠিক সময়ে কোন কাজটা করতে হবে। দুজনের সঙ্গে আমাকে ভিন্নভাবে কাজ করতে হয়। তবে দুজনের সঙ্গেই সম্পর্কটা দারুণ। দুজনের নেতৃত্বে দল সঠিক পথেই এগোচ্ছে।’
রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম