ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: গেইটম্যান হেলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৫ মার্চ ২০২৬  
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: গেইটম্যান হেলাল গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে গেইটম্যান মো. হেলালকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গেইটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। 

গত শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনটি বাসটিকে ইঞ্জিনের মুখে ঠেলে প্রায় ৭০০ মিটার দূরের দৈয়ারা নামক স্থানে নিয়ে গিয়ে থামে। এ ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সাতজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশুসহ মোট ১২ জন নিহত হন। আহত হন বাসের চালকসহ অন্তত ১৫ জন। হতাহত ব্যক্তির সবাই বাসের যাত্রী ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনার সময় কর্তব্যরত গেটম্যান মো. হেলাল রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় বাসটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

এ ঘটনায় নিহত সোহেল রানার (৪৬) খালা শেফালী আক্তার বাদী হয়ে ২৩ মার্চ লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হেলাল প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়