কুমিল্লায় বাসে ধাক্কা দিল মোটরসাইকেল, নিহত ২
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দিয়েছে দ্রুতগতির মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রোল পাম্পের কাছে পৌঁছায়। এ সময় পেছন থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”
ঢাকা/রুবেল/মাসুদ
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ