ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১১ জুন ২০২৬   আপডেট: ১৭:২৪, ১১ জুন ২০২৬
নড়াইলে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

নড়াইলের ডুমরতলা গ্রামে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গেলে আব্দুর রহিম (৪০) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১১জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল পৌর এলাকার ডুমরতলা গ্রামে এ হামলা হয়। 

আহত আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ডুমরতলা গ্রামের ঈদগাহ পাড়ার আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার (১০ জুন) রাজুর বসতবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তার ভাই আশিকের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে রাজু ও তার বাবা স্থানীয়ভাবে সালিশ ডাকেন। বিরোধ মীমাংসার জন্য স্থানীয় জামায়াত নেতা আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে আলোচনায় বসেন। সালিশের মধ্যেই অভিযুক্ত আশিক হট্টগোল শুরু করেন। জামায়াত নেতা আব্দুর রহিম তাকে শান্ত করতে যান। এ সময় তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আশিক।

পরে সালিশের লোকজন জামায়াত নেতা আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, সালিশ বৈঠকে এক জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। 

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়