ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৮ মার্চ ২০২৬  
সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে ইউনাইটেড উই আর স্ট্রংগার (ইউডব্লিউএস) নামে একটি সংগঠন।

রবিবার (৮ মার্চ) সিডনিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

আয়োজকরা জানান, প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের সঙ্গে পরিচিতি এবং রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একত্রে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন তাদের মাঝে একধরনের পারিবারিক অনুভূতি তৈরি করে। একইসঙ্গে নতুন শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম, যেখানে তারা অন্যদের সঙ্গে পরিচিত হতে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।

আয়োজকরা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের মধ্যে ঐক্য ও বন্ধন সুদৃঢ় করতে ইউডব্লিউএস এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখবে।

ইউডব্লিউএসের সঙ্গে বর্তমানে দুই হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছেন। সংগঠনটি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়