ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনার পর বিশ্বে কর্মসংস্থান হবে প্রযুক্তিনির্ভর: পলক

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার পর বিশ্বে কর্মসংস্থান হবে প্রযুক্তিনির্ভর: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা পরবর্তী সময়ে বিশ্বের কর্মসংস্থান হবে প্রযুক্তি নির্ভর। এ কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করে তাদের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিংড়া উপজেলা কোর্ট মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ের ৪০ জন বালিকা শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, সিংড়ার পৌর মেয়র জান্নাতুন ফৌরদোস প্রমুখ।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি উত্তর সময়ে বিশ্বে কর্মসংস্থানের প্রেক্ষাপট বদলে যাবে। কর্মসংস্থান হবে প্রযুক্তি নির্ভর। দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকার কাজ করছে। ভার্চুয়াল ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিমিডিয়া ইনোভেশন স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। আগে থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়কে বাধ্যতামূলক করে প্রতিষ্ঠানিক শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়েছে সরকার।

পলক আরও বলেন, করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখেতে সংসদ টেলিভিশনের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ হাজার ৬২১টি ক্লাস নেওয়া হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৪০ লাখ শিক্ষার্থীর জন্যে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, যার মাধ্যমে পাঠগ্রহণ ছাড়াও তারা থিসিস পেপার জমা দেওয়ার মতো কাজ করতে পারবেন। করোনা সময়কে কাজে লাগিয়ে প্রযুক্তি দক্ষতা অর্জনের জন্যে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী পলক পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজও বিতরণ করেন।

উপজেলার ৩৫২ জন কৃষককে তাদের বাড়ির আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করতে আট প্রকার বীজ দেওয়া ছাড়াও বাগান পরিচর্যা, বেড়া ও জৈব সার বাবদ জনপ্রতি এক হাজার ৯০০ টাকা করে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে বলে জানান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।

 

আরিফুল/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়