ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাকার লোভেই ভবন মালিককে খুন করেন কেয়ারটেকার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২১
টাকার লোভেই ভবন মালিককে খুন করেন কেয়ারটেকার: পুলিশ

চট্টগ্রামের খুলশী থানার জালালাবাদ এলাকায় নির্মাণাধীন ৭ তলা ভবনের মালিক নেজাম পাশাকে মূলত টাকার লোভেই পরিকল্পিতভাবে খুন করেছেন ভবনের কেয়ারটেকার মোহাম্মদ হাসান।  

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশ সিডি (নর্থ) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ  এ কথা জানান নগর পুলিশের ডিসি (নর্থ) মোখলেছুর রহমান।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর সকালে খুলশী থানার জালালাবাদ এলাকার জমির হাউজিং সোসাইটি সংলগ্ন ভিআইপি রোডে নিজের ৭ তলা ভবনের কাছ থেকে ব্যবসায়ী নেজাম পাশার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলো বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ হাসান (৪২)। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা ইয়াছমিন বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ হত্যার মোটিভ উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) খুলশী পাঁচলাইশ জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাত এবং খুলশী থানার ওসি শাহীনুজ্জামানের নেতৃত্বে কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের কাছ থেকে কেয়ারটেকার হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান বাড়ির মালিক নেজাম পাশাকে হত্যার কথা স্বীকার করেছেন। মূলত টাকার লোভেই তিনি মালিককে হত্যা করেছেন বলে জানিয়েছেন। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি, গামছা, টেপ, তার, চিরকুটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।  

ডিসি (নর্থ) মোখলেছুর রহমান জানান, আসামিকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে আরও কেউ সম্পৃক্ত আছে কি-না বা হত্যার অন্য কোনো মোটিভ আছে কি-না তা উদঘাটন করা হবে।

হাসান ২০১৯ সালে ওই ভবন নির্মাণ কাজ শুরুর দিক থেকেই কর্মরত ছিলেন। ভবন মালিক এবং কেয়ারটেকার দু’জনের বাড়িই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে।

চট্টগ্রাম/রেজাউল/সুমি

সর্বশেষ

পাঠকপ্রিয়