ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৩ জুলাই ২০২২  
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরের খুরুশকুলে ইউপির ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ফয়সাল উদ্দিন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস। 

নিহত ফয়সাল উদ্দিন (২৫) খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ত্রিভুজ প্রেমের সূত্রে ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার স্বজনরা। রোববার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ফয়সালকে আক্রমণের চেষ্টা চালায় তারা। কিন্তু সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের কারণে নুরুল হুদার স্বজনরা ফয়সালকে আক্রমণে ব্যর্থ হয়। পরে পুলিশ পাহারায় তাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে আ.লীগের নেতারা। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নিহত নুরুল হুদার বাড়ির সামনে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এসময় গুলিবর্ষণও করা হয়।

খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় নুরুল হুদা নামে এক কলেজছাত্র খুনের ঘটনায় সম্পৃক্তের সন্দেহে নুরুল হুদার স্বজনরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।  

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রুতার জেরে তিনি হত্যার শিকার হয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

তারেকুর/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়